বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এছাড়া সাবেক ১৫ শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থীকে এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
গত বছরের ১৬ জুলাই দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন যখন দুর্বার রূপ নেয়, তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ রাস্তায় নেমে আসে। সেই আন্দোলনই পরবর্তীতে রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে, যার তোড়ে ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।